হাওজা নিউজ এজেন্সি: দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেনারেল ওয়াহিদি বলেন, শত্রুপক্ষের কর্মকাণ্ডের ফলে ইরানের প্রতিরক্ষা মতবাদে পরিবর্তন আসবে। তিনি বলেন, প্রতিরক্ষা মতবাদ ও এর প্রয়োজনীয়তা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজেই।
এর আগে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়ী ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে উদ্ভূত নতুন হুমকির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষা মতবাদ ও কৌশল শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
জেনারেল ওয়াহিদি বলেন, ‘আমরা একটি বড় ধরনের চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই লড়াইয়ের পর আরও উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের উচ্চতর শিখর আমাদের জন্য অপেক্ষা করছে।’
তিনি আরও বলেন, ‘ইরানে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও অপরাধের পেছনে যারা রয়েছে, তাদের জন্য বিশ্ব আর নিরাপদ থাকবে না। যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তারা শান্তিতে থাকতে পারবে না। নিজেদের অপরাধের পরিণতি নিয়ে তাদের ভয় পাওয়া উচিত।’
আইআরজিসি প্রধান বলেন, ‘শত্রুপক্ষের কর্মকাণ্ড আমাদের প্রতিরক্ষা মতবাদ পুনর্মূল্যায়ন ও পরিবর্তনের দিকে নিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা লড়াইয়ের একটি বড় অংশ অতিক্রম করেছি, তবে সামনে আরও একটি বড় অংশ বাকি রয়েছে।’
তিনি বলেন, এ পর্যন্ত ইরান যা অর্জন করেছে, তা শত্রুশিবিরে পরাজয়বোধ, হতাশা, নিরাশা, বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করেছে।
জেনারেল ওয়াহিদি বলেন, শত্রুপক্ষ ঔদ্ধত্যের সঙ্গে যুদ্ধ শুরু করেছিল। তাদের ধারণা ছিল, কয়েক দিনের মধ্যেই ইরানকে পরাস্ত করা সম্ভব হবে। এমনকি তারা পারস্য উপসাগরীয় দেশগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
তিনি স্মরণ করিয়ে দেন, পরবর্তী সময়ে শত্রুপক্ষ দুই সপ্তাহের মধ্যে ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে বলে ভবিষ্যদ্বাণী করেছিল। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।
আইআরজিসি প্রধান বলেন, ‘তারা ইসলামী প্রজাতন্ত্রকে পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই পরিবর্তিত হয়েছে।’ যুদ্ধের পরিণতি সম্পর্কে বিভিন্ন বুদ্ধিজীবী ও গণমাধ্যমকর্মীর মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।
ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের কথাও উল্লেখ করেন জেনারেল ওয়াহিদি। তিনি বলেন, বিপুল পরিমাণ গোলাবারুদ, যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরিসহ বিশাল সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল।
ইরানের সামরিক সক্ষমতা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির বাইরেও বিস্তৃত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশটির নৌবাহিনীর কার্যক্রমের পরিধি ৫০০ কিলোমিটার পর্যন্ত এবং এর বাইরেও আন্তর্জাতিক জলসীমায় সম্প্রসারিত হয়েছে।
আপনার কমেন্ট